৫ জুন ২০১৩ - ১৯:৩০
এস-৩০০ দিলে রাশিয়ার বিরুদ্ধে মামলা তুলে নেবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে- রাশিয়া যদি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করে তাহলে আন্তর্জাতিক সালিশ আদালতে মস্কোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করবে তেহরান।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে- রাশিয়া যদি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করে তাহলে আন্তর্জাতিক সালিশ আদালতে মস্কোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করবে তেহরান।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহমুদ রেজা সাজ্জাদি ইরানের পক্ষে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে রাশিয়া যদি অবস্থান পরিবর্তন করে তাহলে ইরানও তার ‘আচরণ’ পাল্টাবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা বলেছেন রেজা সাজ্জাদ।

তিনি জানান, চুক্তি করার পরও রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকার করায় ইরান মামলা করেছে। এ ধরনের ঘটনায় এক পক্ষ চুক্তির শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হলে অন্যপক্ষ আদালতের আশ্রয় নিতে পারে।

গত ৩০ মে রাশিয়ান প্রযুক্তি বা রোসটেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই চেমেজভ বলেছেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তারা একটি মীমাংসার কথা ভাবছেন। এরপর ইরানের রাষ্ট্রদূত এসব কথা বললেন। রুশ অস্ত্র রপ্তানিকারক কোম্পানি রোজোবোরোন-এক্সপোর্টও সম্প্রতি বলেছে, এ মামলায় মস্কোর জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।